রামগতি প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম “বয়ারচরের” বাদশা ডাকাতের বেপরোয়া চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়ারচরের আইয়ুব আলী সমাজে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় নারী-পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্থানীয়রা জানান, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দুর্গম চর হিসেবে পরিচিত বয়ারচর এলাকায় দীর্ঘদিন ধরে বাদশাহ ডাকাত চাঁদাবাজি, চুরি, ডাকাতি, নারী ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় চরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম আতঙ্কে দিনাতিপাত করছেন। এ অবস্থার প্রতিকার চেয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে তারা বাদশা ডাকাতকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মো. ফরিদ মেম্বার, ওয়ারেস মাঝি, মো. মনির হোসেন, মো. হাসিম, মাওলানা ফারুক, লিটন, মাকছুদুর রহমান, নাছিমা বেগম ও কহিনুর বেগম।
মানববন্ধনে বক্তার আরও বলেন, চরগাজীর বয়ারচর এলাকায় দীর্ঘদিন ধরে বাদশাহ ডাকাত বেপরোয়া চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বাদশাহ ডাকাত বলেন, একটি মহল চরে আধিপত্য বিস্তার করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করেছে। মানববন্ধনে উত্থাপিত অভিযোগের সঙ্গে তিনি জড়িত নন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ওই চরে বিভিন্ন ডাকাত বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


Reporter Name 









